Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভিজিএফের চাল বিক্রি, ইউপি সদস্যসহ আটক ২

তাহিরপুর প্রতিনিধি: |  ২৮ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের ৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি চাল) চাল জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে এক নারী ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ ও ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মনিরা বেগম ও লালঘাট গ্রামের আম্বিয়া।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় এলাকাবাসী জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ ও ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মনিরা বেগম ভিজিএফের কার্ডধারীদের বিতরণের জন্য ৭ বস্তা চাল ইউনিয়ন পরিষদ থেকে নিজে গ্রহণ করেন। কিন্তু এ চালগুলো তিনি বিতরণ করেননি। লালঘাট বাজারের পাশে একটি চায়ের দোকানের মালিক আম্বিয়া বেগমের কাছে চালগুলো বিক্রি করে ইউপি সদস্যের মোটর সাইকেল চালক। পরে রাতে লালঘাট এলাকার ওই দোকানে চাল দেখতে পায় স্থানীয় লোকজন। এতে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার সকালে প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ইউপি সদস্য ও দোকান মালিক আম্বিয়া বেগমকে চালসহ আটক করেন।

এ ঘটনায় মামলা দায়ের করছেন বলে জানান, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. কাজি মাসুদুর রহমান।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তাকে নিদের্শনা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.