Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভিজিএফের চাল বিক্রি: ইউপি সদস্যসহ দুজন কারাগারে

তিনজনের নামে মামলা

তাহিরপুর প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের ৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি চাল) চাল বিক্রির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. কাজী মাসুদুর রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্য করে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।

এ ঘটনার সাথে জড়িত উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মনিরা বেগম ও লালঘাট গ্রামের আম্বিয়া বেগমকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। অপর এক আসামি পলাতক রয়েছে।

মামলায় তদন্তকারী কর্মকর্তা গোলাম হাক্কানী জানান, মামলা দায়েরের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, মাস্টার রোলের মাধ্যমে সকল ইউপি সদস্যদের কাছে তাদের নিজ নিজ ওর্য়াডের নির্ধারিত চাল বিতরণ করি। বুধবার রাতে জানতে পারলাম ইউপি সদস্য মিনারা বেগম চাল বিতরণ না করে বিক্রি করে দিয়েছে। পরে সারারাত পাহারা লাগিয়ে সকালে আমার ছেলেসহ ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলামকে নিয়ে লালঘাট গ্রামের আম্বিয়া খাতুনের কাছ থেকে প্রধানমন্ত্রীর উপহারের ৭ বস্তা ভিজিএফের চালসহ ২ জনকে আটক করি।

উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মো. কাজী মাসুদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তাকে নিদের্শনা দেওয়া হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১ ও ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মনিরা বেগম ভিজিএফের কার্ডধারীদের বিতরণের জন্য ৭ বস্তা চাল ইউনিয়ন পরিষদ থেকে নিজে গ্রহণ করেন। কিন্তু এ চালগুলো তিনি বিতরণ করেননি। লালঘাট বাজারের পাশে একটি চায়ের দোকানের মালিক আম্বিয়া বেগমের কাছে চালগুলো বিক্রি করে ইউপি সদস্যের মোটর সাইকেল চালক। পরে রাতে লালঘাট এলাকার ওই দোকানে চাল দেখতে পায় স্থানীয় লোকজন। এতে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার সকালে প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ইউপি সদস্য ও দোকান মালিক আম্বিয়া বেগমকে চালসহ আটক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.