Sylhet Today 24 PRINT

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০২২

করোনায় দুই বছরের বিধি নিষেধের পর এবার এসেছে মুক্তভাবে ঈদ উদযাপনের সুযোগ। ফলে এবার দুই বছর পর ঈদের জামাত হবে ঈদগাহগুলোতে।

আজ চাঁদ দেখা না যাওয়ায় ঈদ উদযাপিত হবে মঙ্গলবার। সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে প্রায় ৩০০ বছরের পূরনো সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে ঈদ জামাত শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

ঈদের জামাতের জন্য প্রস্তত করা হচ্ছে শাহী ঈদগাহকে। ঈদগাহে পরিষ্কার পরিচ্ছন্নের পাশপাশি করা হচ্ছে নতুন রং। এছাড়া ঈদগাহের চারপাশের রাস্তাঘাটও সংস্কার করা হচ্ছে। এখানে ঈদ জামাতে পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আবুল মোমেন অংশ নেবেন বলে জানা গেছে। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করবেন করুনার পীর হিসেবে খ্যাত মুফতি রশিদুর রহমান ফারুক।

এঝাড়া সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।

নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।

অপরদিকে, হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত।

উল্লেখ্য, গত দুই বছর করোনার প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। ফলে খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে ঈদের জামাত হয়নি গত ৪ ঈদে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.