Sylhet Today 24 PRINT

সুবিদবাজার থেকে নয় দিন ধরে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২২

সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে নয় দিন ধরে সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (৭ মে) দুপুর পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় গত বুধবার ওই শিশুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেট কতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিশুর নাম মো. সুয়েব মিয়া। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো. মোবারক মিয়ার ছেলে।

তবে বর্তমানে সুয়েব মিয়া সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকে।

পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবারের সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বেলা দুইটার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে সুয়েব মিয়ার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে গত বুধবার রহিমা খাতুন সিলেট কতোয়ালি থানায় জিডি করেন।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। ২৭ এপ্রিল দুপুরে ওই শিশুকে স্থানীয় লোকজন হাতির পেছনে দৌড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.