Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে পাওনা ৮শ’ টাকার জন্য ব্যবসায়ীকে খুন!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৮ মে, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে মাত্র ৮শ’ টাকার জন্য হাবিবুর রহমান হাফিজ (৪০) নামের এক মুরগী ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তি পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। আর হত্যার অভিযোগে অভিযুক্ত একই গ্রামের মিরাছ আলীর ছেলে ফয়জুল বারী (৩০)। শনিবার (৭ মে) রাত ৯টার দিকে উপজেলা পাড়ুয়া মাঝপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, নিহত হাফিজ ও ফয়জুল বারী শেয়ারে ভোলাগঞ্জ বাজারে দেশী হাঁস-মুরগীর ব্যবসা করতেন। ব্যবসায়িক হিসেবে ফয়জুল বারী হাফিজের কাছে ৮০০ টাকা পায়। শনিবার রাতে ফয়জুল বারী হাফিজের কাছে পাওনা টাকা চাইলে পরে টাকা দেয়ার কথা বলে হাফিজ। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগ হয়ে ফয়জুল বারী একটি লাঠি দিয়ে হাফিজের মাথায় আঘাত করেন। হাফিজ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন হাফিজকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘এখন পর্যন্ত শুনেছি মাত্র ৮শ' টাকার জন্য হাফিজকে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও গভীরভাবে তদন্ত করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আসামি ধরতে পুলিশ তৎপর রয়েছে’ বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.