হবিগঞ্জ প্রতিনিধি: | ০৮ মে, ২০২২
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে সেলিনা আক্তার মায়া (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। নিহত সেলিনা আক্তার মায়া শরীয়তপুর জেলার নদিয়া উপজেলার খোড়াগাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
আজ রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের দেউন্দি রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি সিলেটের শাহজালাল মাজারে যাচ্ছিল। পথে মহাসড়কের দেউন্দি রাস্তার মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী সেলিনা আক্তার মায়া নিহত হন এবং ৪০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।