Sylhet Today 24 PRINT

সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ১০ মে, ২০২২

সিলেটের কুমারগাঁওয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. নূর মিয়া ওরফে মুন্না (৪৫)।

সোমবার (৯ মে) সকালে নূর মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর পরিবার ভাড়া বাসায় থাকে। সোমবার নূর মিয়া মেয়েটিকে ধর্ষণ করেন। দুপুরের দিকে কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। কিশোরীর বাবা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ কিশোরীর চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। পরে নূর মিয়াকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

কিশোরীর বাবার দাবি, মেয়েকে ধর্ষণের পর বিষয়টি মীমাংসা করতে বিভিন্নভাবে চেষ্টা করেন নূর মিয়া। তবে তিনি ঘটনার বিচারের দাবিতে অটল ছিলেন।

মহানগর পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, কিশোরীর মায়ের করা অভিযোগ মামলা হিসেবে নিয়ে নূর মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠান হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.