Sylhet Today 24 PRINT

বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে তেল বিক্রি, জরিমানা

বড়লেখা প্রতিনিধি: |  ১১ মে, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা নির্ধারিত দাম মুছে অতিরিক্ত দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে এই জরিমান করা হয়।

বুধবার (১১ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পেয়ে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা নির্ধারিত দাম মুছে অতিরিক্ত দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৌরশহরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী তজমুল আলীকে ২ হাজার, রাজু আহমদকে ২ হাজার, ফুলু মিয়াকে ৩ হাজার, বদরুল ইসলামকে ৫ হাজার, আমিনুল ইসলামকে ৩ হাজার, সাইদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার সত্যতা নিশ্চিত করে বুধবার বিকেলে বলেন, অভিযানের সময় যাদের জরিমানা করা হয়েছে তাদের পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের নিকট পণ্য বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.