Sylhet Today 24 PRINT

অধ‍্যাপক শামসুল আলমকে অঙ্গীকার বাংলাদেশের সম্মাননা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০২২

প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং শিক্ষাবৈষম‍্য ঘুচিয়ে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার লড়াইয়ে নিবেদিত শিক্ষাবিদ অধ‍্যাপক সামসুল আলমকে 'আজীবন সহযাত্রী সম্মাননা' দিয়েছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন অঙ্গীকার বাংলাদেশ।

শনিবার (১৪ মে) বিকেলে নগরীর বাগবাড়ি এলাকায় তার বাসায় গিয়ে এই সম্মাননা হস্তান্তর করেন সিলেটে লোকসংস্কৃতি গবেষণাকর্মের অন‍্যতম পৃষ্ঠপোষক কবি শুভেন্দু ইমাম। এ সময় অঙ্গীকার বাংলাদেশ সিলেটের সমন্বয়ক ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ‍্যাপক শামসুল আলম সিলেটের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে 'আলম ভাই' নামে পরিচিত। তিনি ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও বাংলাদেশের কমিউনিস্টপার্টির সঙ্গে এক সময় সক্রিয় ছিলেন। পরবর্তীকালে শিক্ষকতার পাশাপাশি সামাজিক আন্দোলন ও সেবামূলক কাজে তৎপর হন। বৃহত্তর সিলেটের প্রবাসী কল‍্যাণ ট্রাস্ট 'ওভারসিজ সেন্টার' এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

অঙ্গীকার বাংলাদেশের সমন্বয়ক অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রিয় মুখ আলম ভাই অসুস্থ হয়ে বাসায় শয‍্যাশায়ী অবস্থায় আছেন। আমরা তাকে এই সম্মাননা দিয়ে তার রোগমুক্তির জন‍্য সকলের কাছে দোয়া কামনা করছি।

ভাষাসৈনিক শ্রদ্ধার্ঘ‍্য হস্তান্তর :

মহান ভাষা আন্দোলন স্মরণে আমরা একাত্তর প্রবর্তিত 'মহান বীর ভাষা সৈনিক শ্রদ্ধার্ঘ‍্য অর্পণ' শীর্ষক সম্মাননা দেওয়া হয়েছে ভাষাসংগ্রামী মোহাম্মদ ইলিয়াসকে। পরিবারের পক্ষে শ্রদ্ধার্ঘ‍্য গ্রহণ করেন ভাষাসংগ্রামীর কন‍্যা অনামিকা আইরিন পারভীন জাহান। শ্রদ্ধার্ঘ‍্য হস্তান্তর করেন অধ্যাপক শামসুল আলম।

আমরা একাত্তরের এই উদ‍্যোগকে অভিনন্দিত করেন অধ‍্যাপক শামসুল আলম। তিনি বলেন, বাঙালির মুক্তি ও স্বাধীনচেতার মর্মমূল হচ্ছে ভাষা আন্দোলন। আমাদেরকে মূল ধরে অগ্রসর হতে হবে।  
আমরা একাত্তরের পক্ষ থেকে অধ‍্যাপক নাজিয়া চৌধুরী জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে ভাষাসংগ্রামীদের পরিবারের কাছে সম্মাননা প্রদানে ধারাবাহিক শ্রদ্ধার্ঘ‍্য হস্তান্তর করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আগে গত ১৫ মার্চ প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে শ্রদ্ধার্ঘ‍্য হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ভাষাসংগ্রামী আবদুস সামাদ আজাদের শ্রদ্ধার্ঘ‍্য তার ছেলে আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস‍্য আজিজুস সামাদ আজাদ ডনের কাছে হস্তান্তর করা হয়। বছরব‍্যাপী তৎপরতায় সিলেট অঞ্চলের সকল ভাষাসংগ্রামীদের পরিবারের কাছে পর্যায়ক্রমে শ্রদ্ধার্ঘ‍্য হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.