Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ৬শ লিটার সয়াবিন তেল জব্দ

বানিয়াচং প্রতিনিধি  |  ১৪ মে, ২০২২

বানিয়াচংয়ে উপজেলা সদরের বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬শ লিটার তেল জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহের নেতৃত্বে শনিবার (১৪মে) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় জব্দকৃত ৬শ লিটার তেল বোতলে লেখা পূর্বের মুল্যে তাৎক্ষনিক ক্রেতাদের নিকট বিক্রি করার ব্যবস্থা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উক্ত দুটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার পায়তারা করছে। পরে নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বড়বাজারের হানু মিয়া, আমির হোসেন মিয়া ও গ্যানিংগঞ্জ বাজারের অর্জুন মোদকের গোডাউনসহ আরও ২ টি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ মজুদ করা তেল জব্দ করেন তিনি। পরে বোতলের গায়ে লেখা প্রতি ২ লিটার তেল ৩২০ টাকা ও ৫ লিটার ৮০০ টাকা দরে তাৎক্ষণিক ক্রেতাদের নিকট বিক্রি করানোর ব্যবস্থা করেন।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, অবৈধভাবে তেল মজুদের বিষয়টি জানতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে সেগুলো জব্দ করা হয়। পরে সেই তেল গায়ে লেখা বিক্রয় মূল্যে প্রকাশ্যে বিক্রি করার ব্যবস্থা করানো হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে বানিয়াচং থানার একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.