Sylhet Today 24 PRINT

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি: |  ১৪ মে, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে জুনাহিদ মিয়া নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ঘোনাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

জুনাহিদ উপজেলার সুবিদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়ালের ছেলে এবং মনতলা শাহজালাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জুনাহিদের চাচা আব্দুল করিম জানান, উপজেলার ঘোনাপাড়া গ্রামের এক মেয়ের সঙ্গে জুনাহিদের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাত ৮টার দিকে মেয়েটি জুনাহিদকে ফোন করে তার বাড়িতে ডেকে নেন। পরে রাত ১০টার দিকে তিনি জুনাহিদের ভাই মুসাহিদকে ফোন করে জানান, জুনাহিদ ঘোনাপাড়া গ্রামের একটি একাশিয়া বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মাধবপুর থানার মনতলা তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জুরুল হক বলেন, ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে জুনাহিদ রাগে, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই।

এসআই মঞ্জুরুল হক বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.