Sylhet Today 24 PRINT

ভারতীয় বিমানবাহিনী ও বিএসএফের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মে, ২০২২

ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যৌথভাবে পালন করতে ভারতে অবস্থান করছে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ২৫ সদস্যের ডেলিগেশন টিম। ভারতের মেঘালয় রাজ্যে ছয়দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন ভারতীয় বিমানবাহিনী ও তৃতীয়দিন ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল।

মেঘালয়ে ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ড এর কমান্ডার এয়ার মার্শাল ডি.কে পাটনায়েক এভিএসএম, ভিএম এর পক্ষে বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান এয়ার মার্শাল এপি সিং। এরপর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুক্তিযুদ্ধকালীন ভারতীয় কর্মকান্ডের উপর ১০ মিনিটের একটি  ভিডিও চিত্র দেখানো হয়। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হারুন হাবিব। পরে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও প্রতিনিধি দলের সকলকে উপহার তুলে দেওয়া হয়।

সফরের তৃতীয় দিন (১১ মে) বুধবার সকালে মেঘালয়ের লার্ড লেক এবং অমিয়াম লেক পরিদর্শন করেন প্রতিনিধি দল। পরে বিকাল সাড়ে তিনটার দিকে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান মেঘালয় জোনের বিএসএফ এর আইজি ইন্দ্রজীৎ সিং রানা।

পরে আলোচনা সভায় মুক্তিকালীন স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা হারুন হাবিব, মেজর জেনারেল (অব.) জি.কে দাশ, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা, সুজেত আলী, তারেকুজ্জামান, মো.আক্তারুজ্জামান, সেলিম রেজা, আবদুর সাত্তার,সাইফুজ্জামান, আবদুল কাদের, আবদুর সামাদ, মোশাররফ হোসেন, আমিনুল হক, প্রসন্ন সরকার, একেএম ফজলুল হক, শংকর কর্মকার, নুরুল আনোয়ার ভূইয়া, আকরাম আলী, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আনিসুর রহমান, সাংবাদিক বিপ্লব দে পার্থ, তরুণ নেতৃত্ব সুমন কুন্ডু, আল মামুন, সাংবাদিক অনয় মুখার্জী, উত্তম  কাব্য সহ অন্যরা।

সেখানে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশীদের প্রশিক্ষণ দেওয়া বিএসএফ সদস্য বিশি রায় বক্তব্য তুলে ধরেন। উভয় আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্য দুই দেশকে এগিয়ে আসার আহ্বান  জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.