Sylhet Today 24 PRINT

সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৫

দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ দিন শহীদ বৃুদ্ধিজীবী দিবস সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদা ও ফুলেল শ্রদ্ধায় পালিত হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্টানে পালিত হচ্ছে পৃথক পৃথক কর্মসূচি।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন সিলেটের নানা রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

৪৪ বছর আগেকার আজকের এই দিনটি ইতিহাসের কলঙ্কিত একটি দিন। এবারের বুদ্ধিজীবী দিবস এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। চলতি বছরের ২২ নভেম্বর কার্যকর হয়েছে শীর্ষ যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবী হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত আলবদর কমান্ডার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। একই দিন আরও এক যুদ্ধাপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডও কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে বুদ্ধিজীবী নিধনযজ্ঞের কলঙ্কমুক্তি কিছুটা হলেও পূর্ণতা পেয়েছে। অপেক্ষমান রয়েছে বুদ্ধিজীবী হত্যার মূলহোতা জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়।

আগামী ৬ জানুয়ারি আপিলের চূড়ান্ত রায়ের দিন ধার্য রয়েছে। এ প্রেক্ষাপটে দ্রুততম সময়ের মধ্যে সব যুদ্ধাপরাধীর বিচার শেষ ও রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্তির এই প্রক্রিয়া শেষ হওয়াটাই এই মুহূর্তে গোটা জাতির প্রত্যাশা।

১৪ ডিসেম্বর সারাদেশে ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সোমবার ভোর থেকে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।

সকাল থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা, জাসদ, ওয়ার্কাসপার্টি, সিপিবি, ন্যাপ, সিটি করপোরেশন, শ্রমিক লীগ জেলা ও মহানগর শাখা, স্বেচ্ছাসেবক লীগ জেলা ও মহানগর, যুবলীগ জেলা ও মহানগর, মহিলা আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট, সেক্টরস কমান্ডাস ফোরাম সিলেট, লিডিং ইউনির্ভাসিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বাসদ, ছাত্র ইউনিয়ন, উদীচী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলা ও মহানগর শাখাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.