চুনারুঘাট প্রতিনিধি: | ২৯ মে, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর।
এঘটনায় ২ এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মানিক মিয়াকে আটক করেছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৪টায় চুনারুঘাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের মধ্যবাজারে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় আহতরা হলেন- এসআই অজিত তালুকদার ও এসআই মুশফিকুর রহমানসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়। আহতদেরকে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে অভিযান চালিয়ে তাঁতী দলের আহ্বায়ক মানিক মিয়াকে আটক করা হয়।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, উপজেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধ্যবাজারে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ হোসেন বলেন, পুলিশ বিনাকারণে আমাদের মিছিলে হামলা করেছে। এ ঘটনায় আমিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।