Sylhet Today 24 PRINT

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুনে পুড়ে গেছে ২টি ট্রান্সফরমার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৯ মে, ২০২২


হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদুৎকেন্দ্রে আগুনে ছোট–বড় দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি ট্রান্সফরমার জ্বলে গেছে। দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ এই মুহূর্তে তাঁরা নির্ণয় করতে পারেননি। তবে ঢাকা থেকে এ বিষয়ে বিশেষজ্ঞরা আসার পর বিষয়গুলো বোঝা যাবে।

হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি জেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায় কেন্দ্রটি। এখান থেকে প্রতিদিন ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। রোববার সকাল ১০টার দিকে হঠাৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত। এ সময় আশপাশে থাকা শিল্পকারখানাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কেন্দ্রের দুটি ট্রান্সফরমার জ্বলে যায়।

বিদ্যুৎকেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.