Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৫ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক: |  ৩১ মে, ২০২২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে ৫ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- পেকপাড়া গ্রামের ওয়াজিদ আলীর ছেলে ইমান আলী (৩২), তার ভাই মাসুক আলী (৩৫), আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩১), ঝুমগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে সুমন মিয়া (২৫) ও আব্দুল আওয়াল সাদ্দামের ছেলে মুকুট মিয়া (২১)। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের ৭-৮ জনের একটি দল সীমান্ত পার হয়ে ভারতীয় সীমানায় সুপারি চুরি করতে যায়। ফিরে আসার সময় খাসিয়াদের ছিঁটা গুলিতে আহত হয় ৫ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, সীমান্ত পার হয়ে গাছ থেকে পাড়া সুপারি নিয়ে আসতে চাইলে খাসিয়াদের ছোড়া গুলিতে ৫ জন আহত হয়। তারা একসঙ্গে ৭-৮ জন ছিল। তবে সবাই দৌড়ে চলে এসেছে। এ ঘটনায় সীমান্তে কোনো উত্তেজনা নেই।

সুনামগঞ্জ ২৮ রাইফেল বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন তারা ওখানে গিয়েছিল, কারা গুলি করেছে, এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.