সিলেটটুডে ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০১৫
হেফাজতে ইসলামির আমীর আল্লামা আহমদ শফী বলেছেন , "যে বা যারাই ইসলামের বিপক্ষে অবস্থান নিবে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে।"
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সংক্ষিপ্ত সফরে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, "ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ছাড়া অন্যকোন মত ও পথে মানুষের কামিয়াবি নেই। প্রতিটি মুসলমানের উচিত হলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের আল্লাহ-রসুল (সঃ) এর বিধি মোতাবকে চলা।" তিনি দেশ ও ধর্ম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
গোলাপগঞ্জ উপজেলার জামেয়া বরায়া বাটুলগঞ্জ মাদ্রাসায় ৩ দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করতে মঙ্গলবার বেলা দুইটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জামেয়া বরায়া বাটুলগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক খান, বাটুলগঞ্জ মাদরাসার হিসাব রক্ষক হাফিজ মাওলানা শরীফ আহমদ শাহান, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নবনির্বাচিত প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা লোকমান আহমদ, মাওলানা আবুল কালাম, সিলেট জেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী, ১নং ওয়ার্ড ছাত্র জমিয়তের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।