Sylhet Today 24 PRINT

বিস্ফোরণ আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা তদন্ত চাইলেন বিএনপির হারুন

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পেছনে কোনো জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

এজন্য তিনি নামমাত্র কোনো কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে এখনও কেন ওই ডিপোর মালিককে গ্রেপ্তার করা হয়নি, সে প্রশ্ন রাখেন তিনি।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন এই দাবি জানান। তিনি এই ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, 'আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কি না, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, তাদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।'

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, 'সীতাকুণ্ডের এই ঘটনা একটি ভয়াবহ ঘটনা। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি।

হারুন বলেন, ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনারে ছিল সেগুলো সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢুকালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি প্রশ্ন রাখেন, যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার দায়-দায়িত্ব কে নেবে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থ সহায়তা কে দেবে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.