Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ঘুমন্ত বৃদ্ধকে গলাকেটে হত্যা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ জুন, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহতের নাম সুরুজ আলী (৬৫)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে গন্ধবপুরের সুরুজ আলী (৭০) নিজ বাড়িতে রাতের খাওয়া ধাওয়া শেষে ছেলে সুজাত মিয়া কে নিয়ে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। অন্য কক্ষে তার স্ত্রী ও আরেক কক্ষে বড় ছেলে সুজন মিয়া তার স্ত্রী কে নিয়ে ঘুমিয়ে পড়েন।

গভীররাতে ছেলে সুজাত মিয়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার বাড়িতে ডাকাত এসেছে বলে চিৎকার দেন। এবং ডাকাতরা তার বাবাকে হত্যা করছে বলে চিৎকার করতে থাকেন। এসময় আশপাশ লোকজন ছুটে এলে বিছানায় গলাকাটা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মানুষের মনে হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ মূর্হুতে হত্যার কারণ জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠিয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.