Sylhet Today 24 PRINT

দিরাইয়ে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২২

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজার থেকে ১ কেজি গাঁজাসহ তুহিন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তুহিন শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (৮ জুন) সকাল ১১টায় তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ জুন) রাতে শ্যামারচর বাজার সংলগ্ন এলাকায় একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মহসিন মিয়ার সহযোগিতায় কয়েকজন যুবক মিলে গাঁজাসহ তুহিন মিয়াকে আটকে রেখে দিরাই থানায় খবর দেন। দিরাই থানার পুলিশ খবর পেয়ে এসআই মিজানের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় ১১টার দিকে গাঁজাসহ তুহিন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান পরিতোষ রায় জানান, এলাকার লোকজন গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে খবর দেয়। এলাকায় মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.