Sylhet Today 24 PRINT

সিলেটে শহীদ মিনারে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৫

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। জনতার সেই ঢল সামাল দিতে ব্যর্থ হন শহীদ মিনারের ব্যবস্থাপনায় থাকায় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা।

ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন।  

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরুর আগে শহীদ মিনার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সম্মিলিত নাট্য পরিষদ ও মহানগর পুলিশ সদস্যরা ছিলেন কঠোর অবস্থানে। তারা নিরাপতা ও শৃঙ্খলার স্বার্থে প্রথমে শহীদের মিনারের ফটক বন্ধ করে রাখেন। প্রথম প্রহরের আগে কাউকে তারা শহীদ মিনারের ভেতরে প্রবেশ করতে দেননি।

রাত সোয়া ১২টার দিকে প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই খুলে দেয়া হয় ফটক। এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি। কে কার আগে ফুল দেবেন এনিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

বিশৃঙ্খলারোধে শহীদ মিনারের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের সদস্যরা ও সম্মিলিত নাট্য পরিষদের স্বেচ্ছাসেবীরা এগিয়ে যান। কিন্তু তারা ব্যর্থ হন। শেষ পর্যন্ত এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়েই শেষ হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

ধাক্কাধাক্কিতে পড়ে সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দেক আলী তালুকদার আহত হন। এছাড়া ধাক্কাধাক্কির সময় মাটিতে পড়ে আরও কয়েকজন আহত হতে দেখা গেছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.