Sylhet Today 24 PRINT

মহানবীকে অপমান: মুসল্লিদের বিক্ষোভে ভারতীয় পণ্য বর্জনের ডাক

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০২২

ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ (সা.) ও আয়শা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার মন্তব্যের প্রেক্ষিতে সিলেটেও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর সিলেটসহ রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ থেকে মহানবীকে নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানানো হয়।

মিছিলে ‘বিশ্বনবীর অপমান মানবে না মুসলমান’, ‘নূপুর শর্মার ফাঁসি চাই’ এমন স্লোগান দিতে শোনা যায়।

প্রতিবাদ সমাবেশে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

সমাবেশে বক্তারা রাষ্ট্রীয় পর্যায়ে নিন্দা প্রস্তাব জানানো না হলে আন্দোলনের হুশিয়ারি দেন।

বাদ জুমা সিলেটের সিটি পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর। সেখান থেকে শুরু হওয়া মিছিল নগরের কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে। এছাড়াও নগরের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে মিছিল-সমাবেশ হয়েছে।

এদিকে, রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন। আগামী ১৬ জুন ভারতীয় দূতাবাসমুখী প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.