Sylhet Today 24 PRINT

স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে নগরীতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৫

সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে মহান বিজয় দিবসে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিজয় দিবসে সকাল ১১ টায় সিলেট রেজিস্ট্রি মাঠ হতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধের ৪৪ বছর পর আজও সিলেটে নির্মিত হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক স্মৃতিসৌধ। সিলেটে বর্তমান কারাগারটি বাদাঘাটে স্থানান্তরিত হতে যাচ্ছে। স্থানান্তরিত কারাগারের ফাঁকা জায়গায় শিশু কিশোর মেলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং শিশুদের বিকাশ উপযোগী পার্ক নির্মাণের দাবি তুলেছে। 

সাইকেল র‌্যালি উদ্বোধন করেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী রাজু। আরো উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলার উপদেষ্টা বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, ডা. ফাতেমা ইয়াছমিন ইমা প্রমুখ।

স্মৃতিসৌধ নির্মাণের দাবি সম্বলিত ফেস্টুন, টিশার্ট পরিহিত হয়ে বর্ণাঢ্য র‍্যালিটি রেজিস্ট্রি মাঠ হতে শুরু হয়ে বন্দর, চৌহাট্টা, আম্বরখানা, কাজীটুলা, জেলরোড হয়ে পুনরায় রেজিস্ট্রি মাঠে এসে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী।

আজকের দিনে চারিদিকের যে নোংরামি প্রতিনিয়ত শিশু কিশোরদের গ্রাস করতে চাইছে, তার বিপরীতে চিন্তা মননে সবদিকে সুস্থ রাখতে গেলে অতীতের সকল বড় মানুষদের যারা জীবন দিয়েছেন আদর্শের জন্য, সত্যের জন্য সেইসব সংগ্রামী চরিত্রকে নিয়ে আসতে হবে তাদের সামনে। মুক্ত মানুষ হতে গেলে চাই মুক্ত পরিবেশ। কিন্তু সিলেট শহরে নেই কোনো পার্ক, যেখানে শিশু কিশোররা প্রাণ খুলে দৌড়াতে পারে, খেলতে পারে, অভিভাবকেরা স্বস্তিতে নিয়ে যেতে পারেন নিজের সন্তানদের।

শিশু কিশোর মেলা ধারাবাহিকভাবে গত ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস থেকে সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করছে শিশু কিশোর মেলা। সেই দাবিতে আমরা ইতিমধ্যেই প্রায় তিনশ স্কুল ছাত্রের উপস্থিতিতে স্মৃতিসৌধের মডেল নির্মাণ প্রতিযোগিতা, প্রায় দশ হাজার স্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ, বিভিন্ন স্থানে মানববন্ধন করাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

সাইকেল র‍্যালির আগে সকাল ৯ টায় সুসজ্জিত র‍্যালির মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.