Sylhet Today 24 PRINT

জুড়ীতে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযােগ

জুড়ী প্রতিনিধি |  ১২ জুন, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক মাটি ভরাট ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জায়ফরনগর গ্রামের তাজ উদ্দিন ও তার ভাইয়েদের সাথে সম্পত্তি নিয়ে একই গ্রামের আজেফর আলীর ছেলেদের বিরোধ চলে আসছিলো। সম্পত্তি নিয়ে সিনিয়র সহকারী জজ আদালত কুলাউড়া মৌলভীবাজার মোকদ্দমা নং-১০৭/২২(স্বত্ব সফি) চলমান আছে।

বিরোধ থাকা ভূমিতে কোনরূপ রুপান্তর মূলক কার্য না করার জন্য উভয় পক্ষকে নির্দেশ দেন আদালত। গত ১৯ মে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল আদালতের আদেশের প্রেক্ষিতে বিরোধপূর্ণ সম্পত্তির উপর কোনরূপ রুপান্তর মূলক কার্য না করার জন্য উভয় পক্ষকে দন্ডবিধি আইনের ১৫৪ ধারা বলে নোটিশ প্রদান করেন।

তবে বিবাদী পক্ষ আদালতের আদেশ না মেনে জোরপূর্বক মাটি ভরাট করে ঘর নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদী পক্ষ মাটি ভরাট ও ঘর নির্মাণ করার বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবগত করার পরও কাজ বন্ধ করা যায়নি।

বাদী তাজ উদ্দিন অভিযোগ করে বলেন, জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসলে বিবাদী ফখরুল ইসলাম গংরা ঘরের কাজ বন্ধ করে পালিয়ে যায়।  পুলিশ চলে গেলে আবার পূনরায় কাজ শুরু করে দেয়।

এ বিষয়ে জুড়ী থানার এস আই খসরুল আলম বাদল জানান, বিরোধপূর্ণ সম্পত্তির উপর যাতে কোন প্রকার কার্যক্রম পরিচালনা না হয় সে জন্য দু’পক্ষকে নোটিশ প্রদান করেছেন। তাজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.