Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ৩

কুলাউড়া প্রতিনিধি |  ১২ জুন, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল শনিবার রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে। এলাকাবাসী ঘটনায় জড়িত তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

আটককৃত যুবকেরা হলেন, বড়লেখা উপজেলার শাহিন আহমদ (২৪), তোফাজ্জল হক (২৪) এবং মো. হোসেন (২৬)।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই ছাত্রীর বাড়ি উপজেলার টিলাগাঁও ইউনিয়নে। তাদের একজনের বয়স ১২ ও অন্যজনের ১৪ বছর। তারা স্থানীয় একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে। গতকাল দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা শেষে তারা হেঁটে বাড়ি ফিরছিল।

এ সময় আগে থেকে ওত পেতে থাকা তিন যুবক তাদের জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যান। পরে তারা পাশের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছে জঙ্গলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকেরা দ্রুত তাদের আবারও অটোরিকশায় তুলে সেখান থেকে চলে যান।

বিকেলে ছাত্রীদের বাড়ির কাছে গিয়ে গাড়ি থেকে নামানোর সময় তারা জোরে চিৎকার শুরু করে। পরে এলাকার লোকজন ধাওয়া করে ওই তিন যুবককে আটক করে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আটক যুবকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতে এক ছাত্রীর মা বাদী হয়ে তিন যুবককে আসামি করে মামলা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় আজ রোববার বলেন, আটক যুবকদের ছাত্রীর মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.