Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে রাজমিস্ত্রি নজরুল হত্যা: আসামির প্রাণদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুন, ২০২২

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় রাজমিস্ত্রি নজরুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামিকে প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভুঁইয়া এ রায় প্রদান করেন ।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বিয়ানীবাজার থানার টিকরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব আলীর ছেলে আব্দুল মুবিন লিমন (১৮)। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার নন্দিরফল গ্রামের রাজমিস্ত্রি নজরুল ইসলামকে ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে ও মাথায় আঘাত করে খুন করা হয়। বিয়ানীবাজার টিকরপাড়াস্থ জনৈক মু‌হিবুর রহমানের বাড়ির পাশে নন্দিরফল রাস্তায় নজরুলের মৃতদেহ রয়েছে খবর পেয়ে সন্ধ্যায় নজরুলের স্ত্রী ও ৪ মেয়ে গিয়ে লাশ শনাক্ত করেন এবং বিয়ানীবাজার থানাপুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা রেখে বিয়ানীবাজার থানার মামলা নং২৬(১২)১৯ইং দাখিল করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহ আলম ভূঁইয়া মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে ওই সালের ৩১ ডিসেম্বর গ্রেপ্তার করেন আব্দুল মুবিন লিমনকে। পরবর্তীতে ওই দিনেই সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নওরিন করিমের কাছে হত্যার ঘটনা স্বীকার করে লিমন।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ২৯ জুন আদালতে চার্জশিট নং ৮৯ দাখিল করেন। আদালতে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে লিমনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.