Sylhet Today 24 PRINT

ইভিএম নিয়ে অস্বস্তিতে বিয়ানীবাজারের ভোটাররা

পৌরসভা নির্বাচন

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ১২ জুন, ২০২২

আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার ৯টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। তবে বিয়ানীবাজার ভোটাররা এই আধুনিক যন্ত্র নিয়ে একটু অস্বস্তিতে। ভোটারদের মতো প্রার্থীরাও আছেন বেকায়দায়। বিয়ানীবাজারে আর কোনদিন ইভিএমে ভোট হয়নি। বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ এ প্রযুক্তির সাথে পরিচিত হবেন বিয়ানীবাজার পৌরসভার ২৭ হাজার ৭শত ৯৩জন ভোটার।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, অভিজ্ঞতা না থাকায় ভোট দেয়ার প্রক্রিয়া কেমন হবে, এ নিয়ে চিন্তিত স্থানীয় ভোটাররা। ভোট পছন্দের প্রার্থীকে দেয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কা আছে। যারা ইভিএম নিয়ন্ত্রণ করবে তারা কতটুকু নিরপেক্ষ থাকবেন সেটা নিয়েও প্রশ্ন রয়েছে অনেক ভোটারের। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই বলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বিয়ানীবাজার পৌরবাসীকে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

স্থানীয় নির্বাচন কার্যালয় ইভিএম ভোট গ্রহণের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ভোটগ্রহণের আগে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের জন্য ইভিএম পদ্ধতি নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ২ দিন ব্যাপী উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে কর্মশালায় আড়াইশ জনের মতো কর্মকর্তা প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হওয়ায় অনুশীলনমূলক (মক) ভোটিংয়ের আয়োজন করেছে উপজেলা নির্বাচন অফিস। সোমবার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে এই অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নারী ভোটার আমেনা বেগম বলেন, আগে থেকে পরিচিত না থাকায় ভোট দিতে সমস্যা হলে দায় নেবে কে? আমি কোনোদিন মেশিনে ভোট দিইনি। এগুলো কীভাবে দেয় তাও জানি না। এভাবে ভোট দিতে আমাকে অন্য কারও সাহায্য নিতে হবে। শেষ পর্যন্ত ঠিকঠাক ভোট দিতে পারব কিনা জানি না।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডেও ভোটার হুমায়ুন কবির বলেন, ইভিএম নিয়ে আমার মধ্যে সন্দেহ রয়েছে। আমরা দেশে বিভিন্ন স্থানে ইভিএমে কারচুপির সংবাদ পত্র-পত্রিকায় দেখেছি। নিজের ভোট দিতে পারবো কি না জানি না। অনেকের আঙ্গুলের ছাপ মেলেনা। যদি তাই হয়, তবে কি করতে হবে।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের বলেন, ইভিএমে ভোট দেওয়া খুব সহজ। এ ব্যাপারে আমরা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দিয়েছি। কিছু সাধারণ মানুষকেও আগে থেকে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া হবে। কোনো কারণে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিকল্প ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.