Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার উপরে, বন্যার শঙ্কা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০২২

ফাইল ছবি

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। গত কয়েকদিন দেশে ও উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানি বেড়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ৯টার দিকে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কূল উপচে নিম্নাঞ্চলে ঢুকছে পানি। এতে নদী তীরের বাসিন্দারা দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কা করছেন।

এদিকে সোমবার সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিন নগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া সড়কে পানি উঠে গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, কয়েকদিন ধরে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.