Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার বৃষ্টিস্নাত পরিবেশে চলছে ভোটগ্রহণ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৫ জুন, ২০২২

প্রবাসী অধ্যষিত অঞ্চল সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ভোট গ্রহণ চলছে। টানা বর্ষণ আর বৃষ্টিস্নাত পরিবেশে বিয়ানীবাজার পৌর এলাকায় ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে এক টানা বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে বিয়ানীবাজার পৌর এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশির ভাগ কেন্দ্রই ফাঁকা দেখা যায়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌর এলাকায় মোট ভোটার ২৭ হাজার ৭৯০ জন ১০টি কেন্দ্রে স্থাপিত ৮০টি বুথে ভোট দেবেন। ভোটারদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮৭০ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৯২০ জন।

এ পৌরসভায় ১০ প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-নৌকা প্রতীকে বর্তমান চেয়র আব্দুস শুকুর, আওয়ামী লীগের বিদ্রোহী আহবাবুর রহমান (কম্পিউটার), দলের আরেক বিদ্রোহী ফারুকুল হক (চামচ), আব্দুস সামাদ আজাদ (হ্যাঙ্গার), মোহাম্মদ অজি উদ্দিন (নারিকেল গাছ) মোহাম্মদ আব্দুস সবুর (মোবাইল ফোন), আওয়ামী লীগ বিদ্রোহী মো. আব্দুল কুদ্দুছ (হেলমেট), সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন (জগ), জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙ্গল), এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আবুল কাশেম (কাস্তে) মার্কা নিয়ে ভোটের লড়াইয়ে আছেন। এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ নারী এবং সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।   

এটি পৌরসভার দ্বিতীয় নির্বাচন। পৌরসভার ৯ ওয়ার্ডের ১০ কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে। প্রতি কক্ষে থাকবে একটি করে ইভিএম মেশিন। তবে ৮০টির পরিবর্তে ১২০টি ইভিএম মেশিন সরবরাহ করে রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বাড়তি মেশিন দেওয়া হয়েছে যাতে ভোটাররা বিড়ম্বনায় না পড়েন। এছাড়া কারিগরি ত্রুটি সারাতে তিনটি টিম নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছে।

এদিকে নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, চার স্তরের নিরাপত্তা দিয়ে পুরো নির্বাচনী এলাকা সাজানো হয়েছে। সিলেট জেলা পুলিশের ১ হাজার ২৫৫ জন সদস্য সক্রিয়ভাবে এসব এলাকায় দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা পুলিশ তৎপর রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.