Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মায়া হরিণ উদ্ধার

শঙ্কর শীল, চুনারুঘাট |  ১৬ জুন, ২০২২

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মানুষের ধাওয়া খেয়ে লোকালয়ের পুকুরে পড়ে যাওয়া একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। পরে এলাকাবাসী বিপদগ্রস্ত এই হরিণটিকে বন বিভাগে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৮টায় উপজেলার ফাটাবিল এলাকা থেকে মায়া হরিণকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, একটি মায়া হরিণ আজ বৃহস্পতিবার সকালে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। পরে কয়েকজন হরিণটিকে ধরার জন্য ধাওয়া দিলে সেটি দৌঁড়ে গিয়ে চেগানগর মসজিদের পুকুরে পড়ে যায়। এ সময় এক দম্পতি হরিণটিকে উদ্ধার করেণ এবং হরিণটিকে হস্তান্তরের জন্য বন বিভাগে খবর দেওয়া হয়। বেলা ১১টায় সাতছড়ি বন বিটের কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, এই বন্যপ্রাণীকে পুকুরের পানি থেকে উদ্ধার করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত হরিণটিকে যথাস্থানে অবমুক্ত করা হবে।

বন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এটি একটি প্রাপ্ত বয়স্ক হরিণ। বয়স ৭/৮ বছর হতে পারে। হরিণটি দৌঁড়ানোর সময় মুখে ও পায়ে আঘাত পেয়েছে। অনেক বেশি ভয়ও পেয়েছে। চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ার পর সেটিকে অবমুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.