Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জের বানভাসীদের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসনের শুকনো খাবার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০২২

বন্যাকবলিত মানুষের জন্য ৪০ হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। এর মধ্যে ৫ হাজার প্যাকেট পাঠানো হয়েছে সুনামগঞ্জ জেলায়, সমপরিমাণ পাঠানো হবে সিলেটে। আর ৩০ হাজার প্যাকেট হবিগঞ্জের সবগুলো উপজেলায় বিতরণ করা হবে।

শনিবার (১৮ জুন) দুপুরে একটি কাভার্ডভ্যানে করে ৫ হাজার প্যাকেট খাবার সুনামগঞ্জে পাঠানো হয়েছে বলে জানান, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

তিনি বলেন, প্রতিটি প্যাকেটে চিড়া, চিনি, মুড়ি, বিস্কুট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যবলেট, খাবার স্যালাইন ও দিয়াশলাই দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার প্যাকেট নিয়ে একটি গাড়ি হবিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছে। সেখানকার প্রশাসনের মাধ্যমে এগুলো বিতরণ করা হবে।

শিগগিরই সিলেটের উদ্দেশে আরও ৫ হাজার প্যাকেট পাঠানো হবে। বাকি ৩০ হাজার প্যাকেট খাবার হবিগঞ্জের সব উপজেলা প্রশাসনকে বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কারো জরুরি ভিত্তিতে খাবারের প্রয়োজন হলে ৩৩৩ হটলাইনে কল দেওয়ার জন্য প্রচার করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.