Sylhet Today 24 PRINT

বড়লেখায় ২৫ আশ্রয় কেন্দ্রে ২ হাজার পরিবার

বড়লেখা প্রতিনিধি: |  ১৯ জুন, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়েছেন প্রায় দেড় লাখ মানুষ। উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২০০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এ অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় খোলা হয়েছে ২৫টি বন্যা আশ্রয় কেন্দ্র। এতে ২ হাজার পরিবার আশ্রয় নিয়েছেন।

বড়লেখা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বড়লেখার বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ মোকাবেলায় জরুরি সভা করেছেন। এসময় তিনি জনদুর্ভোগ লাগবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। বড়লেখায় প্রথম দিকে বন্যা দুর্গত মানুষের জন্য ২১টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়। পরবর্তীতে আরও ৪টি বাড়ানো হয়। মোট ২৫টি আশ্রয় কেন্দ্রে রোববার বিকেল পর্যন্ত প্রায় ২ হাজার পরিবার আশ্রয়ে আছেন। এছাড়া উপজেলার সকল স্কুল-কলেজকে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বড়লেখা কার্যালয় সূত্রে, বড়লেখা উপজেলার প্রায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে গ্রামীণ, ইউনিয়ন ও উপজেলা সড়ক রয়েছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, দুই হাজার পরিবার ২৫টি আশ্রয় কেন্দ্রে আছেন। রোববার পর্যন্ত আশ্রয় কেন্দ্রসহ ২ হাজার পরিবারের মাঝে শুকনো খাবার ও ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.