Sylhet Today 24 PRINT

সরকার বন্যার্তদের পাশে না থেকে পদ্মা সেতু নিয়ে ব্যস্ত: রেজা কিবরিয়া

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ জুন, ২০২২

নবীগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।

তারা বলেছেন, বন্যায় যখন দেশের মানুষ কষ্ট পাচ্ছে, সরকার তাদের পাশে না থেকে পদ্মা সেতু উদ্বোধন নিয়ে মহাব্যস্ত হয়ে পড়েছে। এ বিষয়ে সরকার দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে।

শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে এবং বান্দেরবাজারে বন্যার্ত চার শতাধিক পরিবারের মধ্যে খাদ্য বিতরণ শেষে তারা এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, দেশে যখন ভয়াবহ বন্যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, সরকার তখন পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আমোদে ব্যস্ত। পদ্মা সেতু নির্মাণে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করেছে, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত পদ্মার চেয়ে গভীর পানিতে এবং বেশি দৈর্ঘ্যের সেতু নির্মাণ করেছে এই খরচের ১০ ভাগের এক ভাগ দিয়ে।

নুরুল হক বলেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ অন্যান্য স্থানে যখন বন্যায় মানুষ মানবেতর জীবন যাপন করছে, তখন এক পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সরকার রাষ্ট্রের সব ব্যবস্থাকে বদ্ধ করে রেখেছে। তাদের (সরকার) লজ্জা নেই, বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে পদ্মা সেতু নিয়ে মহাব্যস্ত। বন্যার্ত মানুষের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল, সেভাবে সরকার তাদের পাশে দাঁড়ায়নি। বন্যাকবলিত মানুষের মধ্যে সরকারের ত্রাণ বিতরণও পর্যাপ্ত নয়।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ফাহিম, মাহফুজুর রহমান, পরিষদের হবিগঞ্জ সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, শাহ আজাদ আলী সুমন, কেন্দ্রীয় সদস্য আবু হোসেন জীবন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, ছাত্রবিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, তামান্না ফেরদৌস শিখা, গণ অধিকার পরিষদের নবীগঞ্জ উপজেলা সমন্বয়ক নুরুল আমিন পাঠান, ডা. শাহ আজাদ আলী সুমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.