Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল সিসিক

ডেস্ক রিপোর্ট |  ১৭ ডিসেম্বর, ২০১৫

যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা, যাদের কল্যাণে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র, অর্জণ করেছি গৌরবৌজ্জল বিজয়-জাতির সেইসব শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহানগরীর ২৪৫ জন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি বলেন, এই দেশের সূর্য সন্তানদের সংবর্ধনা জানাতে পেরে সিলেট সিটি সিটি কর্পোরেশন গর্বিত। তিনি জানান, স্বল্পসংখ্যক মুক্তিযোদ্ধা যারা এখনও বেঁচে আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের আর্থিক, সামাজিক ও মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে।

এনামুল হাবীব আরও বলেন, আমার কাছে সবচাইতে শ্রদ্ধেয়জন হচ্ছেন-শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের বিরল সম্মান কেউ কোনদিন ছিনিয়ে নিতে পারবে না। তাদের ঋন আমরা কোনদিন শোধ করতে পারব না। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে সবসময় থাকবে সিলেট সিটি কর্পোরেশন। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের অফিসের জন্য একটি কম্পিউটার প্রদানের ঘোষনা দেন।

অনুষ্ঠানে সম্মানিত কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন , ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সংরক্ষিত ৬ আসনের কাউন্সিলর শাহানারা বেগম। উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান, সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা।
অনুষ্ঠানে সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক ও ভবতোষ রায় বর্মন।

প্রতিবছর সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, সিটি কর্পোরেশনে মুক্তিযোদ্ধারা যেকোন কাজে গেলে ভালো সেবা ও বিনয়ী আচরণ পেয়ে থাকেন। সংবর্ধনা অনুষ্ঠানের উঁচু মে না বসে এবং ম থেকে চেয়ার সরিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে এক কাতারে এসে বসার কারণে মুক্তিযোদ্ধারা সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব সাবেরা আক্তার। কর্পোরেশনের কর্মকর্তা চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহ আলম, পবিত্র গীতাপাঠ করেন জ্যোতিষ চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে সিলেটের সুধীজন, সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.