Sylhet Today 24 PRINT

উন্নয়ন অব্যাহত রাখতে স্থিতিশীল বিশ্বের প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, উন্নয়ন ও অর্থনীতির বিকাশের জন্য স্থিতিশীল বিশ্ব প্রত্যাশা করে বাংলাদেশ। এক দেশে অস্থিতিশীলতার প্রভাব অন্য দেশগুলোতেও পরবে বলে জানান মোমেন।

শনিবার দুপুরে সিলেটের বাইশটিলা এলাকার সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের সাথে বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেন।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ড, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অপসারণ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং বিনিয়োগ নিয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী।

মন্ত্রী বলেন, ইউরোপে ব্রিটেনই প্রথম দেশ যারা আমাদের দেশকে একাত্তরে সমর্থন দিয়েছিল। তাদের দেশে রাজনীতিতে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যে দেশ গণহত্যা চালায় সেই দেশ মিয়ানমারে চার বছরে ব্রিটেনের ২.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ দুঃখজনক এবং ব্রিটেনের জন্য লজ্জাজনক।

তিনি বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। শিনজো আবের মৃত্যু বাংলাদেশের জন্যও ক্ষতির বিষয়। জাপানের মতো দেশে সন্ত্রাসী হামলায় সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ শোকাহত।

শুধু ইউরোপ বা আমেরিকা নয়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ পুরো বিশ্বেই স্থিতিশীলতা প্রত্যাশা করে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.