Sylhet Today 24 PRINT

কানাইঘাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০২২

সিলেটের কানাইঘাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সড়কের বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদ আহমদ (১৭) কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের কটাই মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার সড়কের বাজারের সামনে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে তৌহিদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  এসময় তৌহিদ গুরুতর আহত এবং অপর মোটরসাইকেলের চালক আবুল হোসেন ও দুই মোটরসাইকেলের আরও দুজন আরোহী আহত হন।

আহত চারজনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে নেয়ার পথে তৌহিদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) দীলিপ কান্ত নাথ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.