Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ১১ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহিত মল্লিক (১১) ও পর্ব মল্লিক (৮) সম্পর্কে আপন দুই ভাই এবং বিজলি গ্রামের রিংকু মল্লিকের ছেলে। রুহিত ষষ্ঠ শ্রেণি ও পর্ব প্রথম শ্রেণির ছাত্র ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, ধারণা করা হচ্ছে রোববার বিকেলের দিকে শিশু দুটি খেলতে খেলতে পরিবারের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। এরপর পরিবারের সদস্যরা রুহিত ও পর্বকে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে সন্ধ্যার দিকে পুকুরের পানিতে রুহিত ও পর্বকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.