Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌর এলাকায় এক রাতে ১৩ দোকানে দুঃসাহসিক চুরি

বড়লেখা প্রতিনিধি: |  ১৫ জুলাই, ২০২২

সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে চোরের ছবি নেওয়া।

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে এক রাতে ১৩ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের উপজেলা চত্বর ও পানিধার এলাকায় এ ঘটনা ঘটে।

তবে দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করলেও ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া তেমন কোন মালামাল নেয়নি বলে দোকান মালিকগন জানিয়েছেন।

খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার পর উপজেলা চত্ত্বর প্রাঙ্গণের অর্নব ফটোষ্ট্যাট এন্ড ষ্টেশনার্স, সাইফুর কম্পিউটার, ইত্যাদি ষ্টোর, সুরচি এন্টারপ্রাইজ, হাসান ভেরাইটিজ ষ্টোর, সেজুতি ফার্মেসী, জাফর ফার্মেসী, আফিফ কার হাউজ ও ফাবিহা কম্পিউটারের দোকানের সামনের সাটারের তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। এছাড়া ওই এলাকার প্রায় একশ গজ অদূরে পানিধার বাজারের তোফায়েল ডিপার্টমেন্টাল ষ্টোর, কারওয়াস, লিলি ফুড ও কয়েছ ভেরাইটিজ ষ্টোরেও চুরির ঘটনা ঘটে।

ইত্যাদি ষ্টোরের সত্ত্বাধিকারী সাইফুর রহমান ও অর্নব ফটোষ্ট্যাট এন্ড ষ্টেশনার্সের সত্ত্বাধিকারী রুপম দাস জানান, চোর প্রত্যেকটা দোকানে একই ষ্টাইলে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া অন্য কোন মালামাল নেয়নি। মেইন রোডের পাশের দোকানগুলোতে এধরণের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতংক বিরাজ করছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.