Sylhet Today 24 PRINT

সিলেটসহ চার জেলায় লুকিয়ে আছে একশো সশস্ত্র জঙ্গি, ভারতীয় পত্রিকার খবর

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশের রাজশাহী, বগুড়া, সিলেট এবং কুষ্টিয়ায় লুকিয়ে আছে নিষিদ্ধ ঘোষিত  জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর অপারেশন শাখার একশোজন সশস্ত্র জঙ্গি। তারা সরকার পতনের তৎপরতা চালাচ্ছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলের শীর্ষ বাংলা দৈনিক যুগশঙ্খ। খবরটি বিশেষ গুরুত্বের সাথে পত্রিকাটি তাদের সবগুলো সংস্করণে (শিলচর, গুয়াহাটি ও কলকাতা) প্রকাশ করে।

শুক্রবারে প্রকাশিত পত্রিকাটির এই খবরে বলা হয়েছে , ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে সতর্ক বার্তা পাঠিয়েছে দিল্লি।

ভারতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে একটি গোয়েন্দা রিপোর্ট সম্প্রতি পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রনালয়ে। চলতি মাসের প্রথম সপ্তাহে সেই রিপোর্টটি আসে ঢাকায়। ‘চুড়ান্ত গোপনীয়’ সিলমোহর লাগানো ওই খামটি ঢাকার ভারতীয় দূতাবাস থেকে সরাসরি পাঠানো হয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে।

ভারতের দেওয়া ওই ‘গোপন’ রিপোর্টের বরাত দিয়ে যুগশঙ্খের খবরে বলা হয়েছে, ওই রিপোর্টের সঙ্গে রয়েছে একশোজনের একটি তালিকা। রিপোর্টে বলা হয়েছে, তালিকার একশোজন ব্যাক্তি বাংলাদেশের রাজশাহী, বগুড়া, সিলেট এবং কুষ্টিয়ায় লুকিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে বর্ধমানের খাগড়াগড়ে যে বিস্ফোরণ ঘটেছিল, তা ছিল বাংলাদেশ-বিরোধী চক্রান্তের বহিঃপ্রকাশ। সেই চক্রান্তের সঙ্গে যারা যুক্ত ছিল তারাই এই চক্রান্তের জাল বুনছে।

খবরে বলা হয় লুকিয়ে থাকা জঙ্গিরা বাংলাদেশে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.