Sylhet Today 24 PRINT

মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে গুরুতর আহত ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের সবুজ মিয়া ও নবীগঞ্জ উপজেলার বাগাউরা গ্রামের সুমন মিয়ার মধ্যে বিবিয়ানা নদীতে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মজমুল মিয়া (২২), রাজা মিয়া (২৫), সেলিম মিয়া (২৮), ছানাওর মিয়া (২৪), রহিম উদ্দিন (৩৩), সাজ্জাদ মিয়া (২৮), ফরুক মিয়া (৩২), সবুজ মিয়া (২৬), হবেজুল মিয়া (৩৬) ও বাচ্চু মিয়াকে (২৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অন্যান্য আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কারোর পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.