Sylhet Today 24 PRINT

জুড়ীতে এক রাতে ১০ দোকানে চুরি

জুড়ী প্রতিনিধি  |  ১৮ জুলাই, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিজিবি ক্যাম্প চত্ত্বর ফুলতলা সড়ক ও লামাবাজার এলাকায় রবিবার (১৮ জুলাই) রাতে একসাথে ১০টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করলেও ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া তেমন কোন মালামাল নেয়নি বলে দোকান মালিকগণ জানিয়েছেন। রাতে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, রবিবরা রাত দু’টার পর বিজিবি ক্যাম্প চত্ত্বর এলাকা ফুলতলা সড়কে এস এম ট্রেডাস, মনির ট্রেডাস ও লামাবাজার  এলাকার আবুল কাসেম  ফার্মেসী, শাহজালাল ফার্মেসী, জে গ্রুফ, ফরিদ ভেরাইটিজ স্টোর, শাহিন মোবাইল সার্ভিস, আক্কাস আলীর পানের দোকান, আরিফের চায়ের টং এর দোকানের সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটেছে। ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া চোরেরা অন্য কোন মালামাল নয়নি। মেইন রোডের পাশের দোকানগুলোতে এধরণের দুঃসাহসি চুরির ঘটনায় ব্যবসায়ি মহলে আতংক বিরাজ করছে।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, গত রাতে জুড়ী থানার ওসি (তদন্ত) কে বাজারে আশেপাশের সন্দেহভাজন চুরদের তালিকা দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। উনারা কোন ব্যবস্থা নেননি,  রাতে  টহল পুলিশের ব্যবস্থার কথা বলেছিলাম। পুলিশ যদি রাতে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতো তাহলে এতগুলো দোকান চুরি হত না।

জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন চোরকে সনাক্ত করা গেছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.