Sylhet Today 24 PRINT

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ

হবিগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২২

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র এলাকায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন।

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। সোমবার বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার মদন উপজেলার ফহেতপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মুরাদ মিয়া (২২), একই গ্রামের সুরুজ আলীর স্ত্রী দিলারা বেগম (৪০) ও ইমরুল মিয়ার স্ত্রী হেলেনা আক্তার (২৫)। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌছলে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান। হাসপাতাল নেয়ার পর মারা যান আরো তিন জন।

হাইওয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সরদ আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

ওসি আরো জানান, বিদ্যুৎকেন্দ্র এলাকায় দুপর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে গাড়ি দুটির চালক নিয়ন্ত্রন ঠিক রাখতে না পেরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ তা স্বাভাবিক করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.