Sylhet Today 24 PRINT

সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০২২

সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী সজিব হোসেনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সজিব বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ফরিদপুর জেলার খাপরবাড়ীয়া এলাকার নুর ইসলামের পুত্র।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যার পর দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার হাজী সিকান্দার ছাত্রাবাসের ১২ নং কক্ষে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও ছাত্রাবাস সূত্র জানায়, সজিব হোসেন প্রায় দুই মাস আগে ওই ছাত্রাবাসে আসেন। রোববার সন্ধ্যার পর কয়েকজন ছাত্র ওই হোস্টেলের ১২নং কক্ষের মেজেতে সজিবকে শুয়ে থেকে ছটফট করতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ওই ছাত্রাবাসের ম্যানেজার সোহাগ মিয়াকে জানালে তিনি এসে তাৎক্ষণিকভাবে ছাত্রদের মাধ্যমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

আত্মহননের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে ‘কেমিক্যাল পয়জন’ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি।

তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছি।

ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.