Sylhet Today 24 PRINT

দোকানে চুরি করতে গিয়ে কর্মচারীকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জে দোকান চুরি করতে গিয়ে এক দোকান কর্মচারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুবল বিশ্বাস (৩৮) নামের ওই কর্মচারী উপজেলার ঘিলাছড়ার মোকামবাজারে নিশী বাবু নামক ব্যক্তির দোকানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দোকানেই এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের একটি দল। তাদের অভিযানে গ্রেপ্তার করা হয় ৫ জনকে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘিলাছড়ার ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে আতিক (২৫), একই গ্রামের রহমত আলীর ছেলে জিপু (২১), মধ্য যুধিষ্ঠিপুরের কামাল মিয়ার ছেলে জুবেল (১৭), মৌলভীবাজার জেলার বড়লেখা গ্রামের মৃত দছির আলীর ছেলে শাকিল (১৯) ও মিয়াধন মিয়ার ছেলে সুমন আহমেদ (২২)।

অভিযানে অংশ নেওয়া ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা দোকান চুরি করতে গিয়ে সুবল বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। গ্রেপ্তারকৃত আতিক হত্যাকাণ্ডের হোতা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

তিনি বলেন, ‘খবর পেয়েই ওসি স্যারের নেতৃত্বে আমরা ঘিলাছড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করি। আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত কিনা  ও প্রয়োজনীয় তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

এদিকে, ময়নাতদন্তের জন্য নিহত সুবল বিশ্বাসের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.