Sylhet Today 24 PRINT

বুলবুল হত্যা: আদালতে স্বীকারোক্তি আবুলের

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০২২

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের আসামি আবুল হোসেন।

আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় জালালাবাদ থানা থেকে কড়া নিরাপত্তায় আবুল হোসেনকে মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার আদালতে তোলে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দেব জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবুল হোসেন। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
 
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় আবুল হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- তারা হলেন,  কামরুল ইসলাম (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)।

অপর দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

ক্যাম্পাসের গাজীকালুর টিলা এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বুলবুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ২২ বছরের বুলবুল লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি নরসিংদীতে। তাকে হত্যার ঘটনায় ওই দিন মধ্যরাতেই অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ছিনতাই করতেই বুলবুলকে হত্যা করা হয়েছে।

হত্যার ঘটনায় বুলবুলের কথিত প্রেমিকার সম্পৃক্তাতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্তাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.