Sylhet Today 24 PRINT

নদীতে ভাসছিল নবজাতকের অর্ধগলিত মরদেহ

শান্তিগঞ্জ প্রতিনিধি  |  ২৭ জুলাই, ২০২২

শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম–পরিচয় পাওয়া যায়নি।

বুধবার(২৭ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার পশ্চিম পাগলার কাদিপুর গ্রামে মহাসিং নদীর তীর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

৩-৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, না কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, স্থানীয় কাদিপুর গ্রামের লোকজন মহাসিং নদীর  তীরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.