Sylhet Today 24 PRINT

‘হাওয়া’ ও সিনেপ্লেক্সে মুগ্ধ সিলেটের দর্শক

উত্তম কাব্য |  ৩০ জুলাই, ২০২২

আলোচিত সিনেমা 'হাওয়া' প্রদর্শনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের সিনেপ্লেক্সের। এটি সিলেটের প্রথম সিনেপ্লেক্স।

শুক্রবার দুপুর ৩ টায় সিনেপ্লেক্সে প্রথম শো এরপর সন্ধ্যা সাড়ে ৬ টায় ২য় শো শুরু প্রদর্শিত হয়। প্রতিদিন একই সময়ে এই সিনেপ্লেক্সে দুটি করে প্রদর্শনী হবে।

শুক্রবার গ্রান্ড সিলেট এন্ড রিসোর্টে সরজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ২ টা থেকেই দর্শকরা সিনেমা হলের সামনে ভিড় করতে থাকেন। দর্শকদের ভীড় সামলাতে না পেরে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ২০ মিনিট পরে দুপুর ৩ টা ২০ মিনিটে "হাওয়া" সিনেমার প্রথম প্রদর্শনী শুরু করেন।

সিনেমা দেখতে আসা ব্যবসায়ী মো. আছলাম খান জানান, সিলেটের মানুষ এতদিন সিনেমা বিমুখ ছিল কারণ সিলেটে কোনো উন্নত মানের ভালো পরিবেশের হল ছিল না। গ্রান্ড সিলেট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ সিলেটে এরকম উন্নত মানের একটি সিনেপ্লেক্স তৈরি করার জন্য। আশা করি বাংলা সিনেমার এই দুঃসময়েও হাওয়া মুভি একটা আলোড়ন সৃষ্টি করবে এবং সিলেটের সিনেপ্রেমী মানুষেরা আবার হলমুখী হবে।

গ্র‍্যান্ড সিলেটের এক কর্মকর্তা জানান, আমরা প্রথমদিনের প্রদর্শনীর টিকিট  গত সপ্তাহে অনলাইনে ছাড়ি। অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।

শুক্রবার দুপুর থেকেই দর্শকরা সিনেপ্লেক্সের সামনে ভীড় করতে থাকেন। প্রথমদিনের দুটো শোই পুরো হাউসফুল ছিল। ৩ আগস্ট পর্যন্ত প্রতিটি শোর সবগুলো টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ফখরুদ্দিন আল রাজি বলেন, আমি দেশের বাইরে থাকা অবস্থাতেই সিদ্ধান্ত নেই হাওয়া সিনেমার মাধ্যমেই   সিনেপ্লেক্সের উদ্বোধন করব। সিনেমাটি খুব জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যেই। তাই সিলেটের সিনেপ্রেমী দর্শকদের কথা চিন্তা করেই আমরা "হাওয়া" সিনেমাটি নিয়ে এসেছি।

তিনি বলেন, দর্শকদের ভালো লাগলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। ইতিমধ্যেই আমাদের প্রথম ৫ দিনের প্রায় সব টিকিট শেষ হয়ে গেছে, এটাই আমাদের সার্থকতা।

তিনি আরো জানান, এই সপ্তাহে " হাওয়া" চলবে। আগামী সপ্তাহেও আমাদের পরিকল্পনা আছে "হাওয়া" চালানোর অথবা আগামী সপ্তাহে "পরাণ" সিনেমাটি চলবে। প্রতি সপ্তাহেই ব্লকব্লাস্টার সব মুভি আসবে। পাশাপাশি ভাল ভাল ইংলিশ ও হিন্দি মুভিও এই সিনেপ্লেক্সে চালানো হবে।

হাওয়া সিনেমা দেখে বের হওয়ার পর, মুরারিচাঁদ  শিক্ষার্থী তিন্নী আক্তার জানান, অনেক দিন পর হলে একটি ভাল ছবি দেখলাম। তাও নিজের শহর সিলেটের প্রথম সিনেপ্লেক্সের প্রথম শো। নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।

হাওয়া সিনেমা কেমন লেগেছে জানতে চাইলে তিনি জানান, অসাধারণ গল্প হাওয়ার।সিনেমাটি অনেক ভাল লেগেছে। পুরো গল্পটা মাঝ নদীতে একটা নৌকাকে কেন্দ্র করে।

তিনি বলেন, চঞ্চল চৌধুরীর অভিনয় বরাবরের মতই দুর্দান্ত লেগেছে। ভিলেন চরিত্রেও তিনি সেরাটা দিয়েছেন। নাফিসা টুশির কথা কি বলব উনি ভাল অভিনেত্রী। তুলনামূলক ভাল অভিনয় করেছেন। নায়ক "চরিত্রে শরীফুল রাজ"কে আরো বেশী সময় রাখলে হয়ত ভাল লাগত। তবে সবচেয়ে বেশি ভাল লেগেছে যার কথা না বললেই নয় নাসির উদ্দিন খান। উনার সাবলীল অভিনয় ভালো লেগেছে।

সিনেমা দেখতে আসা সংবাদকর্মী ফাইজা রাফা বলেন, সিলেটে সিনেপ্লেক্স হয়েছে এটা আনন্দের। তাদের ম্যানেজমেন্ট বেশ ভাল মনে হয়েছে। আশা করি সিলেটের সিনেমাপ্রেমী দর্শকদের হলের প্রতি বিমুখতা এবার কাটবে।

উল্লেখ্য, গ্রান্ড সিলেট সিনেপ্লেক্সে "হাওয়া" সিনেমাটি আপাতত বৃহস্পতিবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬ টায়। টিকিট দর্শকরা অনলাইন এ বুকিং দিতে পারবেন।টিকিট মূল্য যথাক্রমে ৪০০ ও ৫০০ টাকা।

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ছাড়া শরীফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকেই অভিনয় করেছেন।ছবিটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। ছবিটির কাহিনি ও সংলাপ  লিখেছেন সুমন নিজেই। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ শাহেদ ও জাহিন ফারুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.