Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় জঙ্গলে অজ্ঞাত নারীর মরদেহ

কুলাউড়া প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত ৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গল থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে ওই নারী মানসিক রোগী ছিলেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে খবর পাই বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গলের মধ্যে নারীর লাশ পড়ে আছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি এই নারী মানসিক অসুস্থ ছিলেন এবং ওই এলাকায় রাস্তাঘাটে ভবঘুরের মতো চলাফেরা করতেন। এখনো কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.