Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ওসমানীনগর প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০২২

সিলেটের ওসমানীনগরে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মামলার পর দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত মামলার বাদী ও তার ১৫ বছরের মেয়েকে ভিন্ন ভিন্ন স্থানে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে জিম্মি দশা থেকে রেহাই পেয়ে ভোক্তাভোগী নারী গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ওসমানীনগর থানায় দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং-৩(৮)’২২) করেন।

অভিযোগ পেয়ে মামলা রেকর্ড পূর্বক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ও গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোয়ালাবাজার সুপ্রিম ফিলিং স্টেশনের ম্যানেজার মতিন মিয়া (৪০) এবং ওই ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী বগুড়া হোটেলের মালিক বুলবুল (৪০)।

ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, নেত্রকোনা জেলার বাসিন্দা ওই নারী বুলবুলের বগুড়া রেস্তোরাঁয় প্লেট ধোয়া ও মসলা বাটার কাজ করার সুবাদে পার্শ্ববর্তী স্থানে মেয়েকে নিয়ে থাকতেন। সেই সুযোগ নেয় অভিযুক্তরা। তারা মা-মেয়ে দু’জনকে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জিম্মি দশা থেকে রেহাই পেয়ে মেয়েটির মা থানায় অভিযোগ করেছেন। তাদের ওসিসিতে ভর্তি ও গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.