সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০১৫
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
রবিবার(২০ ডিসেম্বর) নগরীর টিলাগড়স্থ শাপলাবাগে 'স্কুল অব কিডসের' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাংলাদেশের শিক্ষাখাতকে প্রশংসনীয় স্থানে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে শিক্ষায় বাংলাদেশ পাল্লা দিতে সক্ষম হচ্ছে। তবে প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরো উন্নত ও মসৃণ আর ছোট্ট সোনামণিদের উপযোগী করে তুলতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।"
তিনি আরো বলেন, "কলম-কাগজের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্বের শিখরে পৌছতে হবে। এজন্য সমাজের প্রতিটি শ্রেণির মানুষকে নিজ নিজ সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাথে সাথে শিক্ষাদানকারী শিক্ষকদেরও শিশুদের অভিভাবকের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে।"
২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও কামাল হোসেন খান ও আবিদুর রহমান শিপলুর যৌথ পরিচালনায় মাহদী হাসান মিসবাহ’র তেলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে বরণ করেন স্কুল অব কিডসের শিক্ষিকা রুমা আক্তার, শ্যামা বেগম, নাজমা আক্তার ও সুইটি আক্তার।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা মুফতি শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. কে মোমেন’র সহধর্মীনী সেলিনা মোমেন।
বক্তব্য শেষে বিজয় দিবস উপলক্ষে স্কুল আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি আজিজুর রহমান মানিক, শিক্ষাবিদ সাঈদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী, সুলেমান আহমদ, জাবেদ আহমদ, জাবেদ সিরাজ, সম্রাট আকবর, সিফাত শাহজান আরিফ, ইকবাল এইচ কে খোকন, মাওলানা মাহফুজ আহমদ, তরুণ সমাজ সেবক আহমেদ হুসেন ফাহিম ও নজরুল ইসলাম রইস।